স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত এক ফ্লিকে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন অ্যান্টোয়ান সেমেনিও। তার একমাত্র গোলে ম্যানচেস্টার সিটি হারিয়েছে চেলসিকে এফসিকে এবং জিতে নিয়েছে এফএ কাপের শিরোপা। শনিবার ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে ১-০ গোলের জয়ে ঘরোয়া ট্রেবলের আশা বাঁচিয়ে রাখল পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। প্রথম ১০ মিনিটেই তিনটি শট নেয় তারা, যদিও গোলের দেখা পায়নি। প্রথমার্ধে সিটির সেরা সুযোগ আসে ৪৩তম মিনিটে, কিন্তু আর্লিং হলান্ডের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন চেলসির গোলরক্ষক রবের্ত সানচেস। দ্বিতীয়ার্ধের শুরুতে সহজ সুযোগ নষ্ট করেন সেমেনিও। তবে ৭২তম মিনিটে আর ভুল করেননি তিনি। হলান্ডের কাটব্যাক থেকে বল পেয়ে চমৎকার ফ্লিকে জালে বল জড়ান এই ফরোয়ার্ড। গোলরক্ষক চেষ্টা করেও বলের নাগাল পাননি। গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় চেলসি। কিন্তু এন্সো ফার্নান্দেস ও পেদ্রো নেতো সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও সফল হননি হলান্ড ও সেমেনিও। শেষ বাঁশি বাজতেই শিরোপা উল্লাসে মেতে ওঠে সিটির খেলোয়াড়রা। এই জয়ে ক্লাবটি ইতিহাসে অষ্টমবারের মতো এফএ কাপ জিতল। এর আগে সর্বশেষ তারা শিরোপা জিতেছিল ২০২২-২৩ মৌসুমে। একই সঙ্গে আবারও এফএ কাপ ও লিগ কাপের ডাবল জয়ের কীর্তি গড়ল সিটি।























































Discussion about this post