ঢাকা: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায়ি মধ্যাহ্নভোজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ সময় বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি তিস্তা প্রকল্প, অর্থনৈতিক করিডোর ও শিল্পাঞ্চলসহ চলমান সহযোগিতার গতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে প্রায় চার বছরের দায়িত্বকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি এ অবদানের জন্য রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসাদ আলম সিয়াম প্রধানমন্ত্রী তারেক রহমানের জুন ২০২৬-এর চীন সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, ওই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক ‘নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভাগ্যের অংশীদারি’ পর্যায়ে উন্নীত হয়েছে। সফর সফল করা এবং যৌথ ইশতেহার প্রণয়নে চীনের সহযোগিতারও প্রশংসা করেন তিনি। বৈঠকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প, নদী ব্যবস্থাপনায় সহযোগিতা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এবং বাংলাদেশে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ) প্রতিষ্ঠাসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিদায়ি রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সরকারকে সম্মাননা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে তার প্রায় চার বছরের দায়িত্বকাল ছিল অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয়। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের কথাও স্মরণ করেন। এছাড়া বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কার্যক্রম সহজতর করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের কাজ দ্রুত শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বহুপক্ষীয় ফোরামগুলোতে বাংলাদেশের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করে ইয়াও ওয়েন জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের সহায়তায় চীন ৮ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে। অনুষ্ঠানের শেষে পররাষ্ট্র সচিব ও বিদায়ি রাষ্ট্রদূত পারস্পরিক উপহার বিনিময় করেন। পাশাপাশি ইয়াও ওয়েনের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও শুভকামনা জানান পররাষ্ট্র সচিব।
























































Discussion about this post