বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দেননি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এফডিসিতে অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক উৎসবমুখর পরিবেশ থাকলেও তার অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা শুরু হয়। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের সময় দেশে ছিলেন না শাকিব খান। নির্বাচনের আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার রাতের ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ফলে শুক্রবার অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি তার।ঘনিষ্ঠ সূত্রের দাবি, এবারের যুক্তরাষ্ট্র সফরের অন্যতম আকর্ষণ ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল সরাসরি মাঠে বসে উপভোগ করা। আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজের প্রিয় দলকে শিরোপার লড়াইয়ে দেখতে চান শাকিব। টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ দেখার পরিকল্পনা রয়েছে তার।তবে শুধু বিশ্বকাপই নয়, যুক্তরাষ্ট্র সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। দেশটির স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র (গ্রিন কার্ড)ধারী হওয়ায় অভিবাসনসংক্রান্ত নিয়ম মেনে নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় তাকে। সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও এ সফর গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। এদিকে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। প্রসঙ্গত, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।























































Discussion about this post