ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণার চেনা চিত্র এবার অনেকটাই বদলে যাচ্ছে। পোস্টার ঝোলানো থেকে শুরু করে মিছিল-শোডাউন, হেলিকপ্টারে প্রচারণা কিংবা সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার—সবকিছুর ওপরই বসছে কড়া নিয়ন্ত্রণ। শুধু মাঠের প্রচারণাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর বা বিদ্বেষপূর্ণ কনটেন্ট ছড়ালেও গুনতে হবে বড় মাশুল। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন বিধিমালায় নির্বাচনি প্রচারণা, ব্যয়, প্রার্থী ও সমর্থকদের কর্মকাণ্ড এবং ডিজিটাল প্রচারের ক্ষেত্রে বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে গুরুতর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলেরও সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি বিধিভঙ্গের অপরাধে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন আচরণবিধির সবচেয়ে আলোচিত পরিবর্তন হলো নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ করা। কোনো প্রার্থী বা তাঁর সমর্থক প্রচারের উদ্দেশ্যে পোস্টার ঝুলাতে বা সাঁটাতে পারবেন না। এ ছাড়া ভবন, দেয়াল, গাছপালা, বেড়া, বিদ্যুতের খুঁটি, সেতু, কালভার্টসহ বিভিন্ন স্থাপনায় নির্বাচনি প্রচারসামগ্রী ব্যবহারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত সব ধরনের প্রকাশ্য মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে। বাস, ট্রাক, মোটরসাইকেল, নৌযান কিংবা ট্রেন ব্যবহার করে মিছিল বা শোডাউনও করা যাবে না। নির্বাচনি প্রচারে হেলিকপ্টারসহ যেকোনো ধরনের আকাশযান ব্যবহারের ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকছে। প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফরমে নির্বাচনি প্রচারণা চালানোর সুযোগ থাকছে। তবে প্রচারণা শুরুর আগে কোন কোন প্ল্যাটফরম বা মাধ্যম ব্যবহার করা হবে, তা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণার পেছনে যে অর্থ ব্যয় হবে, সেটিও প্রার্থীর মোট নির্বাচনি ব্যয়ের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ডিজিটাল প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতেও নতুন বিধিমালায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থী বা তাঁর সমর্থকরা নির্বাচনকেন্দ্রিক কোনো মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক কিংবা ব্যক্তিগত আক্রমণাত্মক বক্তব্য বা কনটেন্ট প্রচার করতে পারবেন না। নির্বাচনবান্ধব পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন কনটেন্ট তৈরি বা প্রচারের ওপরও নিষেধাজ্ঞা থাকছে। অর্থাৎ এআই ব্যবহার করে ভুয়া বক্তব্য, বিভ্রান্তিকর ছবি-ভিডিও বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হেয় করার মতো কনটেন্ট তৈরি ও ছড়ানোর সুযোগ থাকছে না। ভোটারদের আকৃষ্ট বা প্রভাবিত করতে অর্থ লেনদেন, খাদ্য বা পানীয় পরিবেশন কিংবা উপহারসামগ্রী বিতরণেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ে নির্বাচনি প্রচারণা চালানো যাবে না। ধর্মের অপব্যবহার, পেশিশক্তির প্রয়োগ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কুৎসা, অপপ্রচার বা ব্যক্তিগত চরিত্রহননমূলক প্রচারণাও নিষিদ্ধ থাকবে। সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না কোনো প্রার্থী। সরকারি যানবাহন, মাইক বা অন্য কোনো সরকারি সম্পত্তি প্রচারের কাজে ব্যবহার করা নিষিদ্ধ। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ রাখা হয়েছে। নির্বাচনের দিন ভোটারদের আনা-নেওয়ার জন্য কোনো ধরনের যানবাহন ভাড়া করা বা ব্যবহার করা যাবে না। নির্বাচনি ক্যাম্প স্থাপন ও মাইক ব্যবহারের ক্ষেত্রেও নির্ধারিত সীমা ও বিধিমালা অনুসরণ করতে হবে। নতুন আচরণবিধিতে নির্বাচন কমিশনের ক্ষমতাও বাড়ানো হয়েছে। কোনো প্রার্থী বা তাঁর নির্বাচনি এজেন্ট আচরণবিধি লঙ্ঘন করেছেন কিংবা লঙ্ঘনের চেষ্টা করছেন বলে মনে হলে কমিশন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। অভিযোগ প্রমাণিত হলে এবং অপরাধ গুরুতর বলে বিবেচিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুযোগও থাকবে। নির্ধারিত নির্বাচনি ব্যয়সীমা লঙ্ঘন, অর্থ বা পেশিশক্তি প্রয়োগ করে ভোটারদের প্রভাবিত করা এবং সরকারি সম্পদের অপব্যবহার করে প্রচারণা চালানোকে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, নতুন বিধিমালার মূল লক্ষ্য হলো উপজেলা পরিষদ নির্বাচনকে আরও অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা। বিশেষ করে পোস্টার, মিছিল ও শোডাউন বন্ধের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে এআই-নির্ভর অপপ্রচার ঠেকানোর বিধান এবারের নির্বাচনি প্রচারণায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
























































Discussion about this post