আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনের ফলাফল নিশ্চিত হওয়ার পর সাধারণত মুখ্যমন্ত্রীরা পদত্যাগ করলেও সেই পথে হাঁটছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কালীঘাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এখনই পদত্যাগ করার কোনো পরিকল্পনা করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তাঁকে চক্রান্ত করে হারিয়ে দেওয়া হয়েছে এবং এই নির্বাচনের ফল তিনি কোনোভাবেই মেনে নিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, যেখানে তিনি হারেননি, সেখানে ইস্তফা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে ভোট লুট করা হয়েছে এবং নির্বাচন কমিশন এই প্রক্রিয়ায় ‘ভিলেন’-এর ভূমিকা পালন করেছে। তিনি দাবি করেন, কমিশনের সহায়তায় ১০০টিরও বেশি আসন লুট করা হয়েছে, অন্যথায় ফলাফল ভিন্ন হতো। সুষ্ঠুভাবে পরাজিত হলে তিনি তা মেনে নিতেন বলে জানান। এতদিন প্রশাসনিক পদে থেকে অনেক কিছু সহ্য করেছেন উল্লেখ করে মমতা বলেন, এখন তিনি দায়বদ্ধতাহীন একজন ‘মুক্ত বিহঙ্গ’। রাজপথের মানুষ হিসেবে তিনি এখন থেকে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করবেন। সংবাদ সম্মেলনে জোট রাজনীতির ভবিষ্যৎ নিয়েও আশা প্রকাশ করেন তিনি। অখিলেশ যাদবসহ বিরোধী শিবিরের অন্যান্য নেতাদের সঙ্গে কথা হচ্ছে জানিয়ে মমতা বলেন, আগামী দিনে এই জোটকে আরও শক্তিশালী করা হবে। এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে মমতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের শীর্ষস্থানীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।






















































Discussion about this post