বিনোদন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে অভিনেত্রীদের ডিপফেক ভিডিও ঘিরে তৈরি হচ্ছে নানা বিতর্ক। এবার এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। তার অভিযোগ, একটি টেলিভিশন চ্যানেলের পেজ থেকে ভিডিও ছড়িয়ে পড়ার পর তার স্বাভাবিক জীবন, কাজ ও মানসিক শান্তি ব্যাহত হচ্ছে। এ ঘটনায় শুধু দুঃখ প্রকাশ করেই দায় এড়ানো যায় কি না, সেই প্রশ্নও তুলেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ভিডিও ছড়িয়ে পড়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে স্বাভাবিকভাবে পোস্ট করতে পারছেন না তিনি। এমনকি তার সন্তানদের ছবিতেও নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত ভিডিও প্রকাশ করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের পেজ হ্যাক করে ভিডিওগুলো পোস্ট করা হয়েছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশও করে তারা। তবে চ্যানেলটির এই দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন পরীমণি। তার দাবি, ভিডিওটি অনেক আগে থেকেই অনলাইনে ছিল। কিন্তু টেলিভিশন চ্যানেলটির পেজের মাধ্যমে সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে তাকে নতুন করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ করেন অভিনেত্রী। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীমণি। পরে লাইভটি মুছে দেন তিনি। শনিবার সকালে একটি স্ট্যাটাসে লাইভটি মুছে দেওয়ার কথা জানান। পাশাপাশি নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে টেলিভিশন চ্যানেলটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এই চিত্রনায়িকা। স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘ডিয়ার … টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই। এই যে আমার স্বাভাবিক জীবনটা এভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’ নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনে এর প্রভাব তুলে ধরে তিনি আরও লেখেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো পোস্ট করতে পারছি না। হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত। এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।’ এ ঘটনায় কী করবেন, তা নিয়েও হতাশা প্রকাশ করেছেন পরীমণি। তার প্রশ্ন, ‘কী করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কী বাকি থাকল আর।’ ভিডিও প্রকাশের ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের বক্তব্যের প্রসঙ্গ টেনে পরীমণি লেখেন, ‘আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’ প্রসঙ্গত, পরীমণি সম্প্রতি অভিনয় করেছেন একটি ওয়েব সিনেমায়। ‘সেপারেশন’ নামের এই সিনেমায় তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। এর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। একই নির্মাতার ‘স্বপ্নজাল’ নামের একটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন পরীমণি।
























































Discussion about this post