ঢাকা : প্রকৃতিতে চলছে শীতের বিদায়ী আমেজ। দেশের কিছু এলাকায় শীতের দাপট কিছুটা কমলেও সন্ধ্যা ও ভোরে এখনো বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। এরই মধ্যে আগামী পাঁচ দিনের আবহাওয়ার নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আপাতত আবহাওয়া শুষ্ক থাকলেও বর্ধিত সময়ের শেষ দিকে রাতের তাপমাত্রা আবারও কমতে পারে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে বিদ্যমান স্বাভাবিক লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী কয়েক দিন সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রোববার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার থেকে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করবে। মঙ্গলবার নাগাদ দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কিছুটা বাড়তে পারে। বুধবার নাগাদ রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও দিনের বেলা কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে। তবে আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, পাঁচ দিনের এই সময়সীমার শেষের দিকে রাতের তাপমাত্রা আবারও হ্রাসের প্রবণতা দেখা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে (৩২.৪ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় (১০.২ ডিগ্রি সেলসিয়াস)। শীতের এই বিদায়বেলায় তাপমাত্রার এমন বারবার পরিবর্তন ও কুয়াশার উপস্থিতিকে মৌসুমের স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবেই দেখছেন আবহাওয়াবিদরা।














































Discussion about this post