বিনোদন ডেস্ক: গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ মুক্তি পেতে যাচ্ছে চরকিতে। ২২ জুলাই দিবাগত রাত ১২টা থেকে চরকি অ্যাপ এবং Chorki.net সাইটে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত সিনেমাটির প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড। সিনেমাটির ওটিটি মুক্তি প্রসঙ্গে পরিচালক আজমান রুশো বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে ইতিমধ্যে অনেক দর্শক দেখেছেন, এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ–বিদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ তৈরি হবে। চরকিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি অধিক সংখ্যক দর্শকদের কাছে পৌঁছাবে, নির্মাতা হিসেবে এইটাও চাওয়া।’ সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু বলেন, ‘নানা কারণে অনেকে সিনেমা হলে ’রকস্টার’ দেখতে পারেননি। তারা এখন ঘরে বসে, সুবিধাজনক সময়ে সিনেমাটি দেখেত পারবেন। সেটা আমাদের সবার জন্যই আনন্দের। দর্শকরা চাইলেই এখন সিনেমায় তাদের পছন্দের মুহূর্তগুলো বার বার করে উপভোগ করতে পারবেন।’ চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘প্রেক্ষাগৃহ ও ওটিটির সমন্বিত প্রয়াস সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে এবং কনটেন্টকে সর্বোচ্চ সংখ্যক দর্শকদের কাছে নিয়ে যেতে সাহায্য করছে। ভালো নির্মাণের সঙ্গে থাকার ধারাবাহিকতাতেই রকস্টার সিনেমাটির সঙ্গে চরকির যুক্ত হওয়া এবং আর কিছুদিন পরেই দেশ–বিদেশের দর্শকরা সিনেমাটি ঘরে বসেই দেখতে পারবেন। আশা করি দর্শকরা উপভোগ করবেন।’ সিনেমায় মীরা চরিত্রে সাবিলা নূর, সুপার মডেলের চরিত্রে তানজিয়া জামান মিথিলা, সুনিধি চরিত্রে সুনিধি নায়েক, কয়েদি সংগীতশিল্পীর চরিত্রে পান্থ কানাই, উস্তাদ জুনায়েদ চরিত্রে তারিক আনাম খান, আগুনের মা শবনম চরিত্রে রোজী সিদ্দিকী, আগুনের দাদির চরিত্রে দিলারা জামান এবং আগুনের সহকারী–বন্ধু আসলাম চরিত্রে অভিনয় করেছেন কাজী সাবির। নুসরাত মাটির চিত্রনাট্য এবং আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়ার সংলাপে নির্মিত এই সিনেমায় রয়েছে বেশ কিছু গান। সিনেমার সবকটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। যিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।






















































Discussion about this post