ঢাকা: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। নতুন ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় টানা লম্বা ছুটি উপভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। ঈদুল ফিতরে ঈদের আগে ও পরে মিলিয়ে মোট পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি থাকবে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে ঈদুল ফিতর উপলক্ষে এক দিন সাধারণ ছুটির পাশাপাশি নির্বাহী আদেশে চার দিন ছুটি থাকবে। এর মধ্যে ঈদের আগে দুই দিন এবং পরে দুই দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে সাপ্তাহিক ছুটি বাদে ঈদুল ফিতরে মোট পাঁচ দিন সরকারি ছুটি মিলবে। অন্যদিকে, ঈদুল আজহা উপলক্ষে এক দিন সাধারণ ছুটির পাশাপাশি নির্বাহী আদেশে পাঁচ দিন ছুটি থাকবে। ঈদের আগে দুই দিন এবং পরে তিন দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল আজহায় টানা ছয় দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৫ দিন নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে আগামী বছর মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এর মধ্যে সাত দিন শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিসহ কার্যত ২২ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালে দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটির তালিকা কার্যকর হবে। এর আগে গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।






















































Discussion about this post