স্টাফ রিপোর্টার (খুলনা): খুলনায় প্রকাশ্যে গুলি করে জলিল মুন্সি নামে এক জুট প্রেস শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর দৌলতপুরে দৌলতপুরের কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে। জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে এবং ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, জলিল মুন্সি কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি জলিলকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে জলিল মাটিতে পড়েন। পুলিশের একটি টহল দল ঘটনাস্থলের কাছাকাছি থাকায় দুর্বৃত্তদের ধাওয়া করে। তবে তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, পুলিশের টহল দল দুর্বৃত্তদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশের টিম মোতায়েন রয়েছে।























































Discussion about this post