ঝিনাইদহ প্রতিনিধি: স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসকসহ প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বিভিন্ন খাতে লুটপাট হয়েছে এবং স্বাস্থ্যখাতও এর বাইরে ছিল না। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা সহজলভ্য ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা সরাসরি দেখার জন্য সারা দেশে আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে।’ ইতোমধ্যে সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে বলেও জানান তিনি। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসক ও ওষুধের সংকট নিরসনের পাশাপাশি রোগীদের সেবা সহজ করতে নতুন একটি শৃঙ্খলার মধ্যে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে নিয়ে আসা হচ্ছে। সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফেরাতে পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, নিকট ভবিষ্যতে উপজেলা হাসপাতালগুলোতে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণ করা হবে। মন্ত্রী বলেন, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রগুলোর সেবার মানোন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও ভ্যাকসিন বর্তমানে পর্যাপ্ত মজুদ রয়েছে। শিগগিরই স্বাস্থ্য কার্ড কার্যক্রমও শুরু হবে। পরিদর্শনকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপাসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।





















































Discussion about this post