আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তারই ছেলে হান্টার বাইডেন।সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা এএফপির।২০২৫ সালের মে মাসে তৎকালীন প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার মাত্র চার মাস পর ৮২ বছর বয়সী বাইডেন আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। তার শরীরের হাড়েও সেই ক্যান্সার ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় চিকিৎসা।এর মধ্যে ছিল রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপি। গত মাসে নিজের আসন্ন স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেওয়ার সময় ৮৩ বছর বয়সী বাইডেন জানিয়েছিলেন, তার চিকিৎসা ‘খুব ভালোভাবেই‘ চলছে।তবে বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে শুক্রবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তার ছেলে হান্টার বাইডেন জানান, চিকিৎসা চললেও তার বাবার ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে।হান্টার বলেন , ‘ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে। এটি তার হাড়ে এবং শরীরের আরও অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে।’তিনি আরও বলেন, ‘এটি খুবই যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই তাকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু তিনি এখনও বাইরে যাচ্ছেন, নিজের কাজ করে যাচ্ছেন। তিনি এখনও এই দেশকে গভীরভাবে ভালোবাসেন এবং দেশের প্রতি তার বিশ্বাস অটুট।’বাবার স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে সাক্ষাৎকারের একপর্যায়ে হান্টার বাইডেন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘এটি সত্যিই খুব কঠিন এবং বাবাকে এ অবস্থায় দেখতে খুবই কষ্ট হয়।’উল্লেখ্য, বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন ফিলিস্তিন-ইসরায়েল সহিংসতায় গাজাবাসী যখন দুর্বিষহ জীবনযাপন করছিল, তখনও ইসরায়েলকে অন্ধ সমর্থন দিচ্ছিলেন তিনি। মার্কিন কংগ্রেস যেখানে শুনানির সময় গাজায় যুদ্ধ বিরতির জন্য বিক্ষোভ করছিল, সেখানে ইসরায়েলকে সমর্থন করে রাজনৈতিকভাবে অনেকটা কোণঠাসা হয়ে পড়েন বাইডেন। মোটকথা আরও চাপে পড়েন তিনি।এরপর মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা বাইডেনের স্বাস্থ্য নিয়ে উঠতে থাকে নানা প্রশ্ন। এসব উদ্বেগের মধ্যেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।২০২৪ সালের জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বিতর্কে বাইডেনের খুবই হতাশাজনক পারফরম্যান্সের পর এবং ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ব্যাপক চাপের মুখে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।পরে বাইডেনের স্থলাভিষিক্ত প্রার্থী তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।
























































Discussion about this post