ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে পাওয়ার হাউস রোড এলাকার একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। তাদের গ্রামের বাড়ি নবীনগরে হলেও কয়েক মাস ধরে জেলা শহরের পাওয়ার হাউস রোডের ওই ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকছিল পরিবারটি। আনিসুর কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুরের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ার পর পরিবারের সদস্যরা জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। শুক্রবার রাতে ভবনের নিচতলার সিঁড়ির পাশে আনিসুরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ, এ ঘটনার সঙ্গে আনিসুরের চাচাতো ভাইদের সম্পৃক্ততা থাকতে পারে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা বলেন, ঘটনাটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
























































Discussion about this post