স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। সদস্য দেশগুলোর ব্যাপক বিরোধিতার মুখে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, প্রস্তাবটি সংস্থার ভেতরে বিভাজন সৃষ্টি করেছে এবং ফুটবলের সামগ্রিক স্বার্থ রক্ষা করতে পারছে না। তাই এটি আর এগিয়ে নেওয়া হবে না। ইনফান্তিনোর ভাষায়, “এটা স্পষ্ট যে প্রকল্পটি ফিফার মধ্যে বিভাজন তৈরি করেছে এবং আর আমাদের মূল লক্ষ্য ও ফুটবলের স্বার্থ রক্ষা করছে না। তাই প্রস্তাবটি আর এগিয়ে নেওয়া হচ্ছে না।” বিতর্কিত এ প্রস্তাবের আওতায় পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা ছিল। এর সমর্থনের বিনিময়ে ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের প্রত্যেককে ৪০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন ইনফান্তিনো। তবে পরিকল্পনা প্রকাশের পরই শুরু হয় তীব্র সমালোচনা। প্রথমেই এর বিরোধিতা করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটি জানিয়ে দেয়, প্রস্তাবটি অনুমোদন পেলে তাদের সদস্য ৫৫টি অ্যাসোসিয়েশন বিশ্বকাপ বয়কট করবে। পরবর্তীতে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)ও একই ধরনের অবস্থান নেয়। শুধু সদস্য সংস্থাই নয়, ফিফার ভেতর থেকেও এ পরিকল্পনার সমালোচনা আসে। ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর অভিযোগ করেন, প্রকল্পটি নিয়ে ফিফার প্রশাসনকেই ‘প্রতারিত’ করা হয়েছে। এদিকে ইনফান্তিনোর বৈশ্বিক কৌশল ও শাসনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো এ পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন। তিনি মন্তব্য করেন, এটি ‘ফুটবলের জন্য একটি বাজে চুক্তি’ এবং ‘ফুটবলের ভবিষ্যৎকে বন্ধক রাখবে’। আগামী মার্চে মরক্কোয় অনুষ্ঠিত হবে ফিফার ৭৭তম কংগ্রেস, যেখানে সংস্থাটির পরবর্তী সভাপতি নির্বাচিত হবেন। প্রার্থীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এর আগে ধারণা করা হচ্ছিল, জিয়ান্নি ইনফান্তিনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হতে পারেন। তবে বিতর্কিত এই পরিকল্পনা এবং তা ঘিরে সৃষ্ট বিরোধ তার অবস্থানকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে ইনফান্তিনোর বিশ্বাস, ফুটবলের বৃহত্তর স্বার্থে সব পক্ষকে আবারও একসঙ্গে নিয়ে আসা সম্ভব হবে।
























































Discussion about this post