স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। বুধবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠেয় এই ম্যাচের আগে ইংলিশ শিবিরে বইছে আত্মবিশ্বাসের হাওয়া। দীর্ঘ ৬০ বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে থ্রি-লায়ন্সরা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দলের শেষ প্রস্তুতি সেশনের কিছু ছবি প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। স্কোয়াডের দৃঢ় সংকল্প ও প্রস্তুতির কথা জানিয়ে ৬ শব্দের স্ট্যাটাসে কেইন লিখেছেন, ‘সবকিছু উজাড় করে দিতে আমরা প্রস্তুত।’ ইংলিশ শিবিরের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো মিডফিল্ডার ডেক্লান রাইসের পুরোপুরি সুস্থ হয়ে ওঠা। স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আটলান্টায় অনুষ্ঠেয় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকেই খেলতে পারবেন আর্সেনালের এই তারকা। ১০ দিন আগে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচের পর পাকস্থলীর সমস্যায় আক্রান্ত হন রাইস। ইংল্যান্ড কোচ টমাস টুখেল জানিয়েছেন, অসুস্থতার কারণে কোয়ার্টার ফাইনালের আগে টানা তিন দিন বিছানা থেকেই উঠতে পারেননি এই মিডফিল্ডার। ফলে নরওয়ের বিপক্ষে মিয়ামির তীব্র গরম ও আর্দ্রতার মধ্যে চিকিৎসকদের পরামর্শে তাকে মাত্র ৪৫ মিনিট খেলানো হয়। নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে পাওয়া কষ্টার্জিত জয়ের পর রাইসকে বেশ ক্লান্ত দেখালেও, তিনি খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন বলে জানান কোচ টুখেল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘আমরা জানতাম ডেক্লান লড়াই করছে। সে পরবর্তী বিরতি পর্যন্ত খেলার সবুজ সংকেত দিয়েছিল। কিন্তু ম্যাচ যদি ১২০ মিনিটে গড়ায় আর মাঠে যদি এলিয়ট অ্যান্ডারসন না থাকে, তবে বদলি খেলোয়াড় নামানো নিয়ে আমরা সমস্যায় পড়তাম। তাই রাইসকে তুলে নেওয়ার কঠিন সিদ্ধান্তটি আমাদের নিতে হয়েছিল। তবে সিদ্ধান্তটি কাজে লেগেছে, কারণ এলিয়ট পুরো ১২০ মিনিটই খেলতে পেরেছিল।’ সোমবার কানসাস সিটিতে অনুষ্ঠিত অনুশীলনে ডেক্লান রাইস দলের সঙ্গে পুরো সেশন শেষ করেছেন এবং ম্যাচ খেলতে এখন তিনি পুরোপুরি ফিট। উল্লেখ্য, আটলান্টার এই সেমিফাইনাল জয়ী দলটির জন্য ফাইনালে অপেক্ষা করছে শক্তিশালী স্পেন। প্রথম সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ইতোমধ্যেই ফাইনালের টিকিট নিশ্চিত করে রেখেছে স্প্যানিশরা।























































Discussion about this post