স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে ইংলিশ শিবিরে এখন প্রধান আলোচনার বিষয়—লিওনেল মেসিকে আটকানো। ৩৯ বছর বয়সী এই মহাতারকাকে রুখতে ইংল্যান্ডের কোচ থমাস টুখেলকে একটি বিশেষ পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ ফুটবলার জে বোথরয়েড। তার মতে, মেসিকে থামানোর ক্ষমতা রাখেন কেবল একজনই, তিনি হলেন জেড স্পেন্স। বুধবার (১৫ জুলাই) রাতে আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহাদ্বৈরথ। টুর্নামেন্টের বর্তমান সর্বোচ্চ গোলদাতা মেসির অবিশ্বাস্য ফর্ম যে কোনো রক্ষণভাগের জন্যই আতঙ্কের। তবে জে বোথরয়েড স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, টটেনহ্যাম হটস্পারের তরুণ ডিফেন্ডার জেড স্পেন্সই হতে পারেন টুখেলের তুরুপের তাস। মেসির খেলার ধরণ বিশ্লেষণ করে বোথরয়েড বলেন, ‘মেসি যখন ডান দিক থেকে ভেতরে বা সেন্ট্রাল এলাকায় চলে আসে, তখন তাকে সামলানো খুবই কঠিন। আমার মতে, ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে তাকে আটকানোর মতো সেরা খেলোয়াড় জেড স্পেন্স। তার যে রিকভারি গতি, তা ইংল্যান্ড দলের অন্য যেকোনো ডিফেন্ডারের চেয়ে বেশি।’ চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে ৮ গোল ও ২টি অ্যাসিস্ট নিয়ে মেসি রয়েছেন দারুণ ছন্দে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২১ গোলের মালিককে আটকানো যে সহজ কাজ নয়, সেটিও স্বীকার করেছেন বোথরয়েড। তবে তার ভাষ্যমতে, ‘পজিশনিংয়ের দিক থেকে হয়তো অন্য কেউ এগিয়ে থাকতে পারে, কিন্তু মেসির মতো খেলোয়াড়কে সামলাতে স্পেন্সের শারীরিক সক্ষমতা ও গতি টুখেলের জন্য একটি কার্যকর অস্ত্র হতে পারে।’ যদিও জেড স্পেন্স ইংল্যান্ডের নিয়মিত একাদশের খেলোয়াড় নন, তবুও বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলেছেন এবং ঘানা ও ডিআর কঙ্গোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন। সেখানেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। এখন দেখার বিষয়, মেসির বিপক্ষে জে বোথরয়েডের এই প্রস্তাবকে গুরুত্ব দিয়ে টুখেল সেমিফাইনালের পরিকল্পনা সাজান কি না।
























































Discussion about this post