আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি স্পেনকে ‘ভয়ানক অংশীদার’ আখ্যা দিয়ে এ সিদ্ধান্তের কথা জানান। বুধবার (৮ জুলাই) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়েছেন। তার অভিযোগ, সাম্প্রতিক ইরান সংকটের সময় স্পেন যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়নি। প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। পাশাপাশি মার্কিন যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমাও বন্ধ করে দেয় দেশটি। এ ঘটনাকেই ট্রাম্প তার সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। ন্যাটো সম্মেলনে ইরানের সঙ্গে হওয়া সমঝোতা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার ধারণা, ইরানের সঙ্গে সমঝোতা স্মারকটি শেষ হয়ে গেছে।’এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের ৮০টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়। সেন্টকম আরও জানায়, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলার সক্ষমতা কমিয়ে আনতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টির বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। তবে ওই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা।























































Discussion about this post