আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রোকেমিক্যালস (এইচপিএল) কারখানার ন্যাপথা পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাইপলাইনে গ্যাস লিকের পর বিস্ফোরণের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন, যার মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন নিয়ন্ত্রণে দমকলের ১২টি ইউনিট কাজ করছে। এদিকে দুর্ঘটনার প্রভাব পড়েছে রেল যোগাযোগেও। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) ভোর ৪টার দিকে হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জিপুর এলাকায় অবস্থিত পেট্রোকেমিক্যালস কারখানায় আগুন লাগে। বাসিন্দাদের অভিযোগ, আগের রাত থেকেই এলাকায় গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ভোর সাড়ে ৪টার দিকে বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বস্তি ও আশপাশের কয়েকটি বাড়িতে। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং পরে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রথমে প্রায় ১৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আরও প্রায় ২০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। সব মিলিয়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গুরুতর দগ্ধ ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য গ্রিন করিডোরের মাধ্যমে কলকাতায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আগুন নেভাতে পানি ও ফোম ব্যবহার করা হলেও তীব্র তাপের কারণে দমকলকর্মীরা বেগ পেতে হচ্ছেন। দমকলের প্রাথমিক ধারণা, বজ্রপাতের কারণে পাইপলাইনে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া-পাঁশকুড়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া হলদিয়া টাউনশিপ-দুর্গাচকগামী এক্সাইড রোডও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরণের ফলে রেললাইনের পাশের ওভারহেড বৈদ্যুতিক লাইন, ট্রান্সফরমার এবং রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতার কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।























































Discussion about this post