স্পোর্টস ডেস্ক: শক্তিশালী রিয়াল মাদ্রিদকে গোল-বন্যায় ভাসিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। গুনে গুনে ১৫ গোল দিয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ী ক্লাবটি। নারীদের এল ক্ল্যাসিকোতে শেষ তিন দেখায় ১৫ গোল হজম করেছে রিয়াল। সর্বশেষ ম্যাচে বার্সা জিতেছে ৬-০ গোলের ব্যবধানে। নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে রিয়ালকে ৬-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছে বার্সা। প্রথম লেগের স্কোরলাইন ৬-২। দুই লেগ মিলিয়ে ব্যবধান ১২-২। সপ্তাহের শুরুতে লিগ ম্যাচে ৩-০ গোলে জিতেছিল বার্সার মেয়েরা। সবমিলিয়ে এক সপ্তাহে ৩ ম্যাচে রিয়ালের জালে ১৫ গোল দিয়েছে বার্সা। পুরুষদের এল ক্ল্যাসিকো যতটা জমজমাট হয়, মেয়েদেরটা ততটাই ম্যাড়ম্যাড়ে। এখানে বার্সার একচ্ছত্র আধিপত্য। দুদলের মুখোমুখি ২৫ দেখায় ২৪ বারই জিতেছে কাতালানরা। গেল রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বরাবরের মতো আধিপত্য বজায় রাখে বার্সা। ন্যু ক্যাম্পের ৬০ হাজার দর্শকের সামনে নাকানিচুবানি খাইয়েছে প্রতিপক্ষকে। ৬ গোলে জেতা ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেন গ্রাহাম হানসেন। একবার করে লক্ষ্যভেদ করেন ক্লাবটির কিংবদন্তি অ্যালেক্স পুতিয়াস, ইরিনে পারেদেস, ইউয়া পাজর ও ইসমে ব্রুগটস। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। টানা অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার সেমিতে বার্সা। প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। উল্লেখ্য, গ্রুপ পর্বের ম্যাচে বায়ার্নকেও উড়িয়ে দিয়েছিল বার্সার মেয়েরা। পেয়েছিল ৭-১ গোলের বিশাল জয়।























































Discussion about this post