বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর প্রয়াত হলেন জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস ভ্যান ডার বিক। বুধবার (১১ জানুয়ারি) ৪৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত এক আবেগঘন বার্তার মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, ‘আমাদের প্রিয় জেমস ডেভিড ভ্যান ডার বিক আজ সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। জীবনের শেষ দিনগুলো তিনি সাহস, বিশ্বাস ও অসাধারণ মর্যাদার সঙ্গে কাটিয়েছেন।’ ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়েও তার দৃঢ় মনোবল অটুট ছিল বলেও উল্লেখ করা হয়। অভিনেতার স্ত্রী কিম্বারলি ভ্যান ডার বিক সামাজিক মাধ্যমে শোকবার্তায় লেখেন, মানবতার প্রতি তার ভালোবাসা ও জীবনের নানা দিক নিয়ে আরও অনেক কিছু বলার আছে, তবে এই মুহূর্তে পরিবারটি ব্যক্তিগতভাবে শোক পালনের সময় চাইছে। জেমস ভ্যান ডার বিক সবচেয়ে বেশি পরিচিতি পান ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় টিন ড্রামা সিরিজ ‘ডসন্স ক্রিক’-এ ডসন লিরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সিরিজটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তাকে এনে দেয় তারকাখ্যাতি। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ভার্সিটি ব্লুজ’ ও ‘দ্য রুলস অব অ্যাট্রাকশন’। যদিও বড় পর্দায় কাজ করলেও ‘ডসন্স ক্রিক’-এর বিপুল সাফল্যের ছায়া থেকে বেরিয়ে নতুন পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠা করা তার জন্য সহজ ছিল না। স্ত্রী ও ছয় সন্তান রেখে গেছেন এই অভিনেতা। ২০২৪ সালে তিনি প্রকাশ্যে জানান, তিনি কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত। এর পর থেকেই চলছিল তার চিকিৎসা ও লড়াই। হলিউড ও টেলিভিশন অঙ্গনে তার মৃত্যুতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।























































Discussion about this post