আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৮ জানুয়ারি) ভোরে আইওয়ায় এক ভাষণে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক শক্তি প্রদর্শনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর একটি বিশাল ‘আর্মাডা’ বা শক্তিশালী যুদ্ধজাহাজের বহর বর্তমানে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। বক্তব্যে ট্রাম্প গত জুনে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর প্রসঙ্গ টেনে আনেন। তিনি দাবি করেন, এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, “মানুষ গত ২২ বছর ধরে এটি করার জন্য অপেক্ষা করছিল। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মাত্র এক মাস দূরে ছিল। আমাদের এটি করতেই হতো।” ইরানের ওপর চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আরেকটি চমৎকার নৌবহর (আর্মাডা) এখন ইরানের দিকে সুন্দরভাবে ভেসে যাচ্ছে।” তবে সরাসরি যুদ্ধের চেয়ে ইরানকে আলোচনায় বসার ওপর জোর দেন তিনি। ট্রাম্প বলেন, “আমি আশা করি ইরান একটি চুক্তিতে আসবে। তাদের প্রথমবারই এই চুক্তি করা উচিত ছিল।” মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই ক্রমবর্ধমান সামরিক সরঞ্জাম মোতায়েন এবং ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ‘আর্মাডা’ মোতায়েন ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলেরই একটি অংশ।





















































Discussion about this post