আন্তর্জাতিক ডেস্ক: নতুন মোড় নিয়েছে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব দিয়েছে। আবার ইরান পাল্টা ৫ দাবি ছুঁড়ে দিয়েছে যুদ্ধবিরতি কার্যকরে। এমন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে অবহিত করেছেন। বুধবার (২৫ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শরিফ জানান, সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনায় ‘দৃঢ় নিন্দা’র কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে চলমান সংকটে রিয়াদের ‘উল্লেখযোগ্য সংযমের’ প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতি, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং মুসলিম বিশ্বে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা জরুরি। প্রধানমন্ত্রী আরও জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পাকিস্তানের চলমান কূটনৈতিক তৎপরতা সম্পর্কেও তিনি সৌদি যুবরাজকে অবহিত করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়, প্রিন্স মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের শান্তি উদ্যোগকে গভীরভাবে প্রশংসা করেছেন। পাশাপাশি, উভয় নেতা ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে। এর আগে মঙ্গলবার শরিফ বলেন, চলমান সংঘাতের একটি সমন্বিত সমাধানে অর্থবহ আলোচনা আয়োজনের জন্য পাকিস্তান ‘স্বাগতিক হতে প্রস্তুত এবং সম্মানিত বোধ করবে’।























































Discussion about this post