স্পোর্টস ডেস্ক: মাঠে বল গড়ানোর আগেই বড় ধরনের ধাক্কা খেল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আগামী ২৮ মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসর শুরু হওয়ার কথা থাকলেও চোট আর মাঠের বাইরের নানা সমীকরণে দিশেহারা ফ্র্যাঞ্চাইজিটি। বিশেষ করে পেস বোলিং আক্রমণ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কোচ অভিষেক নায়ার ও কর্ণধার শাহরুখ খানের কপালে। এবারের আসরে কেকেআরের প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটারদের চোট। লঙ্কান পেসার মাথিশা পাথিরানা টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাওয়া পেশির চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি। চিকিৎসকদের মতে, এপ্রিলের মাঝামাঝির আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে, পিঠের ইনজুরিতে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ভারতীয় পেসার আকাশ দীপ। মাঠের লড়াইয়ে ফিরতে তাঁর অন্তত আরও তিন মাস সময় লাগবে বলে জানা গেছে। চোটের তালিকা এখানেই শেষ নয়। হাঁটুর অস্ত্রোপচারের কারণে আসরের একটি বড় অংশ মিস করতে যাচ্ছেন উদীয়মান পেসার হার্ষিত রানা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাওয়া চোট তাঁকে এখনো মাঠের বাইরে রেখেছে। এদিকে নিলামে রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপিতে কেনা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়। ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও তিনি পুরো ৪ ওভার বল করার মতো ফিট কি না, তা নিয়ে সন্দিহান টিম ম্যানেজমেন্ট। এর আগে রাজনৈতিক ও পারিপার্শ্বিক চাপের মুখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়েছিল কলকাতা। সেই বিতর্কিত অধ্যায়ের পর মুস্তাফিজের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে কেকেআর। তবে পাথিরানা ও আকাশ দীপের মতো নিয়মিত বোলারদের অনুপস্থিতি সামাল দিতে বৈভব অরোরা, উমরান মালিক ও কার্তিক তিয়াগির মতো তরুণদের ওপরই এখন ভরসা করতে হচ্ছে কলকাতাকে। শোনা যাচ্ছে, শূন্যস্থান পূরণে খুব শীঘ্রই নতুন কোনো বিদেশি পেসারের নাম ঘোষণা করতে পারে নাইট শিবির। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে মূল বোলারদের এই চোট কেকেআরের শিরোপা ধরে রাখার মিশনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।






















































Discussion about this post