স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে বৃহত্তর ঐক্য ও সমন্বিত উন্নয়নের ডাক দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সহসভাপতি ফারুক আহমেদ। একই সঙ্গে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে বোর্ডের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের আইনি জটিলতা নিরসনে বোর্ডের পক্ষ থেকে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে; এখন তাঁর মাঠে ফেরার বিষয়টি পুরোপুরি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলের হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সাকিবের ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সহসভাপতি বলেন, সাকিবের মামলার ব্যাপারে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যা যা করার ছিল, আমরা তা করেছি। প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের পক্ষ থেকে। অনুষ্ঠানে ক্রিকেটের সামগ্রিক পরিবেশ উন্নয়নে বোর্ড, খেলোয়াড় এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন ফারুক আহমেদ। তিনি বলেন, ব্যক্তিগত মতভেদ থাকলেও ক্রিকেটের স্বার্থে আমাদের সবাইকে এক সুতায় গাঁথা হতে হবে। লক্ষ্য যখন একটাই, তখন সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে দিতে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে বড় স্টেডিয়ামের চেয়ে খেলার মাঠ ও অবকাঠামোগত সুবিধার ওপর বেশি জোর দেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রীর সুর মিলিয়ে ফারুক আহমেদও প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের কেবল বিশালাকার স্টেডিয়াম নয়, বরং মানসম্মত উইকেট ও অনুশীলনের সুযোগ-সুবিধা সম্বলিত মাঠ প্রয়োজন। তৃণমূলের প্রতিভাগুলো যেন সঠিক কাঠামোর মধ্যে আসতে পারে, সেজন্য ড্রেসিংরুম ও প্র্যাকটিস ফ্যাসিলিটি বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। সব মিলিয়ে অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই বাংলাদেশের ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাবে বলে মনে করেন বিসিবির এই নীতিনির্ধারক।






















































Discussion about this post