লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আবারও প্রাণ ঝরল এক বাংলাদেশির। আজ বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার ধবলগুড়ি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন আলী হোসেন (৪৯) নামের এক ব্যক্তি। নিহতের পর তার মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিট এবং বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে সীমান্তে দুই দফায় গুলির শব্দ শোনা যায়। বিএসএফের দাবি, ভোররাতে ৭-৮ জন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করলে তারা ‘সতর্কতামূলক’ গুলি চালায়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে আলী হোসেন গুলিবিদ্ধ হন। বিএসএফ তাকে উদ্ধার করে ভারতীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলী হোসেন পাটগ্রামের ধবলগুড়ি পূর্ব পনিয়ারটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাতে এবং মরদেহ ফেরত আনার বিষয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জোর প্রস্তুতি চলছে। সীমান্তে এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।






















































Discussion about this post