ঢাকা: ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নিহতের স্বজনদের পাশাপাশি সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশের নাগরিকদের গুরুত্ব সরকারের কাছে সর্বোচ্চ। নিহত আহমেদ আলীর পরিবারের পাশে সরকার থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। অন্য দিকে প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ইরান-ইসরায়েল সংঘাতে আরও ১৪ জন আহত হয়েছেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান তিনি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে অভ্যন্তরীণ ফ্লাইটে মরদেহটি সিলেটের মৌলভীবাজারে পাঠানো হয়। স্বজনরা জানান, আহমেদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। পরিবারের সদস্যরা জানান, গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।























































Discussion about this post