ঢাকা: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শতভাগ স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এখন থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ধারণকৃত ভিডিও ফুটেজ নিয়মিত বিরতিতে বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভিতে ধারণ করা সাত দিনের ভিডিও ফুটেজ ই-মেইলের মাধ্যমে নির্দিষ্ট সময় পরপর বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত জরুরি বিবেচনা করে সংশ্লিষ্ট সকল কেন্দ্র প্রধান ও সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর নির্দেশ প্রদান করেছে বোর্ড কর্তৃপক্ষ।






















































Discussion about this post