ঢাকা: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। এ ভাতা শতভাগ করার বিষয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকে এ আশ্বাস দেন। শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়—সরকারি চাকরিজীবীরা যেখানে মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পান, সেখানে বেসরকারি শিক্ষকরা তা পান না; এ বিষয়ে তিনি কাজ করবেন কি না। জবাবে তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি অবগত। এবার (এই সরকারের আমলে) এটা হয়ে যাবে। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি। এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বা ঘুষ বাণিজ্য হয়েছে কি না, আমরা সেসব বিষয় খতিয়ে দেখব। বদলি প্রক্রিয়া চালুর আশ্বাস মন্ত্রী আরও জানান, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া যত দ্রুত সম্ভব চালু করা হবে। আমি আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষকদের বদলি প্রক্রিয়াটা চালু করা হবে। না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেটাও খতিয়ে দেখা হবে, বলেন তিনি। বেতন বিলম্ব হলে ব্যবস্থা শিক্ষকদের বেতন বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, বেতন দিতে দেরি হলে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং তা ত্বরান্বিত করার ব্যবস্থা নেওয়া হবে। কোনো মাসে বিশেষ কারণে বিলম্ব হলে সেটিও খতিয়ে দেখা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।






















































Discussion about this post