আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার খবর অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিভ্রান্তিকর। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবো না।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা এক প্রতিবেদনে মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে দাবি করে, ওমানের মাধ্যমে লারিজানি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা করেছেন। তবে এ দাবি সরাসরি নাকচ করে দেন তিনি। অন্য এক পোস্টে লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সাম্প্রতিক মন্তব্যেরও জবাব দেন। ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, ‘ফাঁকা ভ্রম ও কল্পনার মাধ্যমে তিনি পুরো অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন।’ লারিজানির অভিযোগ, ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরায়েল ফার্স্ট’-এ রূপান্তর করেছেন এবং ইসরায়েলের ক্ষমতার লালসার জন্য মার্কিন সেনাদের বলি দিচ্ছেন। তিনি আরও বলেন, ‘নতুন মিথ্যার মাধ্যমে তিনি মার্কিন সেনা ও তাদের পরিবারকে মূল্য দিতে বাধ্য করছেন।’ এদিকে শনিবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–ও নিহতদের মধ্যে রয়েছেন বলে দাবি করা হয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান উপসাগরীয় কয়েকটি দেশ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে তিনজন মার্কিন সেনা নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।






















































Discussion about this post