আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ঘিরে নতুন করে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত বা দাবি মেনে নেওয়া না হলে আজ রাতেই ইরানে একটি পুরো সভ্যতা বিলীন হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন। মার্কিন মিডিয়া ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প ভয়াবহ সতর্কবার্তা দিয়ে বলেছেন—ইরান যদি যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে না নেয়, তাহলে মঙ্গলবার দেশটিতে “একটি আস্ত সভ্যতার মৃত্যু ঘটতে পারে।” পোস্টে ট্রাম্প লিখেছেন, “আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে; যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটি হতে চলেছে।” শেষে তিনি যোগ করেন, “কে জানে কী হয়?” যদিও মঙ্গলবারের এই আল্টিমেটামের পর তিনি কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দিতে পারে। তেহরানকে শর্ত মানতে মঙ্গলবার পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এ চরম হুঁশিয়ারি দেন ট্রাম্প।























































Discussion about this post