স্পোর্টস ডেস্ক: ব্রিসবেনে দিবা-রাত্রির টেস্ট ইতিহাসে একদিনে সর্বোচ্চ ৩৭৮ রান করে রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। এদিন অন্তত পাচঁটি ক্যাচ মিস করেছে সফরকারীরা। এ সুযোগ কাজে লাগিয়ে বড় লিডের পথে স্বাগতিকেরা।আজ অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৩৩৪ রানের জবাবে ৪৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৩৭৮ রান। তৃতীয় দিনের খেলা শুরু করবেন অ্যালেক্স ক্যারি (৪৬*) ও মাইকেল নেসার (১৫*)। এদিন ৯ উইকেটে ৩২৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার জো রুট ও জফরা আর্চার মিলে যোগ করেন ৯ রান। ব্যক্তিগত ৩৮ রানে আর্চার ফেরার পর ভাঙে রুট-আর্চারের দশম উইকেটে গড়া ৭০ রানের জুটি।প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও জেইক ওয়েদেরল্ড মিলে গড়েন ৭৭ রানের জুটি। হেডের ক্যাচ ছাড়েন জেমি স্মিথ। তবে ইনিংস বেশি বড় করতে পারেননি তিনি। ব্রাইডন কার্সের বলে আউট হওয়ার আগে হেড করেন ৩৩ রান। এরপর মার্নাস লাবুশেন ও ওয়েদেরল্ড যোগ করেন ৬৯ রান। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া ওয়েদেরল্ড আউট হওয়ার আগে ৭৮ বলে ৭২ রান করেন।দ্রুতগতিতে রান তোলেন লাবুশেনও। ৭৮ বলে ৬৫ রান করে তিনি ফেরার পর ইনিংস এগিয়ে নেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ৮৫ বলে ৬১ রান করে আউট হন তিনি। ক্যামেরন গ্রিন যোগ করেন ৪৫ রান। ২৩ রান আসে জশ ইংলিশের ব্যাট থেকে।এরপর সপ্তম উইকেট জুটিতে ৪৯ রান যোগ করে দিনের শেষ করেন অ্যালেক্স ক্যারি ও মাইকেল নেসার। ক্যারি ৪৬ ও নেসার ১৫ রানে অপরাজিত আছেন। এই দুজনকে আউট করার সুযোগ হাতছাড়া করেন ইংলিশ ফিল্ডাররা। ক্যারির ক্যাচ ছাড়েন বেন ডাকেট আর নেসারের ক্যাচ লুফে নিতে ব্যার্থ হন ব্রাইডন কার্স। ইংল্যান্ডের হয়ে কার্স নেন ৩ উইকেট, আর জফরা আর্চার নেন ২ উইকেট। পার্থে সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া।



















































Discussion about this post